সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ

সাবেক মুখ্য সচিব কায়কাউসের সম্পদের খোঁজে দুদক

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অন্যদিকে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ বাণিজ্য, দলীয় পদ বাণিজ্যসহ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে প্রাপ্ত গোয়েন্দা তথ্যাদি পর্যালোচনা শেষে নিরপেক্ষ ও বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ আমদানিতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে সাড়ে ৪ হাজার কোটি টাকার শুল্ক ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানের মধ্যেই সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু হলো।

আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ প্রমাণ পায় এনবিআর। ২০২৩ সালের ৯ মার্চ ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ আমদানি শুরুর পর থেকেই শুল্কসহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি, যা কায়কাউস ও বিদ্যুৎ বিভাগের সাবেক নীতিনির্ধারকদের অভিযুক্তের তালিকায় নাম চলে আসে।

আরো